শুভ্র শাওন : আওয়ামী লীগের পাশাপাশি নিজেদের শক্তি সামর্থ্যরে জানান দিতে এবার মাঠে নামছে দলের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানীতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। ইতিমধ্যে আগামী ১১ নভেম্বর ঢাকায় যুব মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ। ঐ দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ মহাসমাবেশে সারাদেশ থেকে অন্তত ৮ থেকে ১০ লাখ নেতাকর্মী অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ভোরের ডাককে নিখিল বলেন, আমরা কথায় নয়,কাজে বিশ্বাসী। ১১ নভেম্বর আবারো প্রমানিত হবে দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন। বিশেষ করে দেশের যুব সমাজ যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল তা আমাদের যুব মহাসমাবেশে প্রমাণিত হবে। যুবলীগ মিডিয়া ট্রায়ালয়ে নয়, সত্যিকার অর্থে যুব মহাসমাবেশে লাখ লাখ যুবকদের উপস্থিতি নিশ্চিত করার মধ্যে দিয়ে প্রমাণ করবে রাজপথ বিএনপির নয়, যুবলীগ তথা আওয়ামী লীগের।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, বিএনপির বিভাগীয় গণসমাবেশে নানা বাধা বিপত্তি পেরিয়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অধিক সংখ্যায় অংশ নিচ্ছে। বিএনপির নেতারাও সমাবেশ গুলোতে নেতাকর্মীদের শোডাউন করে নিজেদের শক্তি জানান দেওয়ার কৌশল হিসেবে নিয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশে বিএনপির লাখো নেতাকর্মীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। আগামী ২৯ অক্টোবর দলটির রংপুর শহরে রংপুর বিভাগীয় গণসমাবেশ করবে।
এছাড়া আরো ৬ বিভাগে গণসমাবেশ করে ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করে রাজপথ নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি। কিন্তু তার আগেই নিজেদের শক্তির জানান দিয়ে বরাবরের মতো এবারও রাজপথ এবং দেশের রাজনীতি নিজেদের নিয়ন্ত্রনে রাখতে চায় ক্ষমতাসীনরা। এর অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় হয়ে উঠছেন। আগামী শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হবে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন। ঐ সম্মেলনেও লাখো নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। এছাড়া আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনগুলোকে নিজেদের মতো করে কর্মসূচি দিয়ে রাজপথে শোডাউন করার নির্দেশনাও দেয়া হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে।
এরই অংশ হিসেবেই যুবলীগ সবচেয়ে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে যুবলীগের প্রতিষ্ঠার সুবর্নজয়ন্তীর উপলক্ষে সারাদেশের পাশাপাশি ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসবেশের মধ্য দিয়ে দীর্ঘ দিন পর ঢাকায় নিজেদের শক্তির জানান দিতে চায় ক্ষমতাসীনরা। ঐদিন দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা থেকে শুরু করে গ্রাম থেকে পযর্ন্ত নেতাকর্মীরা যুব মহাসমাবেশে দলে দলে যোগ দেবেন।
এই ব্যাপারে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, রাজপথ কাদের, তা আগামী ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের নৈরাজ্যের জবাব যুবলীগ একলাই দিতে পারে, তা প্রমাণ করব ইনশা আল্লাহ।
এদিকে মহাসমাবেশ সফল করতে গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রায় প্রতিদিনই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করছে। প্রস্তুতি সভা হচ্ছে দেশের সকল জেলা উপজেলায় । ইতিমধ্যে সমাবশে সফল করার জন্য যুবলীগের পক্ষ থেকে ১০ টি উপকমিটি করা হয়েছে। উপকমিটির সদস্যরা নিয়মিত ভাবে সভা করে মহাসমাবেশে সফল করার প্রস্তুতি নিচ্ছে ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.