
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
১৪ নভেম্বর,২০২২ ইং- শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে চালের দোকানে পাটের বস্তায় চাল বিক্রি না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
চাল ব্যবসায়ী বাঁধন বসাক, মোঃ ইব্রাহীম মিয়া, গোপাল বসাক, মোঃ রাকিব হোসেন ও সুশীল পাল ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করলে সাক্ষীদের উপস্থিতিতে তাঁদের মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
১৪ নভেম্বর ২০২২ দুপুর নাগাদ মানিকগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১০ এর ১৪ ধারা মোতাবেক এ রায় প্রদান করেন।
এসময় মানিকগঞ্জ জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক শামন্তী পাল, পুলিশ বাহিনীর সদস্য, মহাদেবপুর বাজার কমিটির সহ-সভাপতি পল্লী চিকিৎসক মোঃ আজাদ খান, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সুরেশ চন্দ্র রায় ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, একমাত্র এলসি ছাড়া বাকি সব চালের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এ বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায় এবং পৃথক পৃথক মামলায় ৫ ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে বাজারের চাল ব্যবসায়ীদের প্লাস্টিকের বস্তা পরিহার করে পরিবেশ বান্ধব পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.