
মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে বঙ্গোসাগরের সোনারচর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এতে গুলিবিদ্ধ হয়েছেন খোকন (৪২) নামের এক জেলে। এসময় নিখোঁজ হয়েছেন আরও ৯ জন। এছাড়া একই ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে মধু (৩০) নামের আরও এক জেলেকে।
নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা জেলার তালতলী ও নলী এলাকায়। আহত দুই জেলে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন।
ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক মনির হোসেন জানান, তার ‘এফবি ভাই ভাই’ নামের ট্রলারটি শনিবার বিকালে মহিপুর বন্দর থেকে ১৮ জেলেসহ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাত্রা করে। পথি মধ্যে রাত দুইটার দিকে সোনার চর সংলগ্ন এলাকায় পৌঁছালে ডাকাতরা গুলি ছুড়ে ট্রলারে উঠে নিয়ন্ত্রণ নেয়। এসময় ৯ জেলে তাদের জীবন রক্ষায় সাগরে ঝাঁপিয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয় ১ জেলে এবং কুপিয়ে জখম করা হয় ১ জেলেকে। বাকি জেলেদের ট্রলারের ডোপে (মাছ রাখার স্থান) আটকে নির্যাতন করে ট্রলারের সবকিছু নিয়ে যায়। পরে অপর দুটি ট্রলারের জেলেরা আহত জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, দীর্ঘদিন বঙ্গোপসাগর জলদস্যু মুক্ত ছিল। ফের তারা মাথাচারা দিয়ে উঠছে। এসব জলদস্যুরে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানান তিনি।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনা আমাদের এরিয়ার মধ্যে না। তারপর খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.