
মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ষাটোর্ধ এক বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা গুড়িয়ে দিয়েছে প্রতিবেশী সহোদর তিন ভাই।
সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা এগারোটার দিকে উপজেলার ধুলাসার ইউপির নতুনপাড়া গ্রামের সংযোগ সড়কে এঘটনা ঘটে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত হানিফ হাওলাদারকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করে।
আহতের ছেলে ইয়ামিন হাওলাদার জানান, সকালে বাড়ি থেকে বেড়িয়ে মহিপুর যাচ্ছিলেন তার পিতা। এসময় ওই সড়কে তার পথের গতিরোধ করে প্রতিবেশী চানমিয়া হাওলাদারের পুত্র সোহেল,সোহাগ ও রুবেল। পরে তার হাত ধরে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা গুড়িয়ে দেয় আপন তিন ভাই।
তিনি বলেন, অমানবিক নির্যাতনে তার পিতার পায়ের হাড় গুড়ো হয়ে চামড়ার উপরে বেড়িয়ে গেছে। তার অভিযোগ, একটা চেক জালিয়াতির প্রতিবাদ এবং জমি সংক্রান্ত জেরেই তার বৃদ্ধ বাবাকে এমন নির্যাতন করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, যুবকদের নিষ্ঠুর নির্যাতনে সঙ্গাহীন অবস্থায় সড়কে পড়ে ছিলেন ওই বৃদ্ধ। দুই পা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে।
এবিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.