বিশেষ প্রতিনিধি:
মাদারীপুরে চাঞ্চল্যকর চা দোকানদার আউয়াল মাতুব্বর হত্যা মামলার আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮-ই ফেব্রুয়ারী) সকালে সিলেটের সুরমা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় আলমগীর হাওলাদার ও দোলোয়ার মাতুব্বরকে। এ নিয়ে এই মামলায় গ্রেফতার হলো ৭ জন। গ্রেফতারকৃত আলমগীর হাওলাদার (৪৫) মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের হাফেজ হাওলাদারের ছেলে ও দেলোয়ার মাতুব্বর (২৮) সদরের কালিকাপুরের আয়নাল মাতুব্বরের ছেলে। গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি ও দেলোয়ারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহম্মেদ জানান, গত ৪ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় দোকানের ভেতর থেকে পাঁচখোলা এলাকার কাশেম মাদবরের ছেলে চা দোকানদার আউয়াল মাতুব্বরকে ডেকে নিয়ে যায় প্রতি পক্ষের লোকজন। নির্জণ স্থানে নিয়ে আউয়ালকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে মৃত সাহেব আলী মাতুব্বরের দুইছেলে নান্নু ও চুন্নু মাতুব্বরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলাউল। এই ঘটনায় নিহতের ছেলে জুয়েল মাতুব্বরর বাদী হয়ে ৬-ই ফেব্রুয়ারী ৫১ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৫ জন আসামীকে। এছাড়া সিলেট থেকে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। বাকিদের ধরতে চলছে অভিযান।
প্রসঙ্গত, নিহত আউয়াল মাতুব্বর ওই এলাকার গত ২০১৯ সালের ২৭-ই ফেব্রুয়ারী আওয়ামীলীগ নেতা সাহেব আলী মাতুব্বর হত্যাসহ অন্তত এক ডজন মামলার আসামী ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.