প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুর শিবচরের বীর মুক্তিযোদ্ধার মোসলেম উদ্দিন খানের জানাজা থেকে মোবাইল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেয়া তথ্যমতে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সাতটি মোবাইল ফোন।
চারজনের এই চক্রের সদস্যরা দেশের বড় বড় জানাজায় গিয়ে মোবাইল ফোন চুরি করে থাকে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮-ই আগষ্ট) বাদ যোহর শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৯-ই আগষ্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।
গ্রেপ্তার সুমন মোল্লার (৩০) বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নে। তিনি ঢাকার জুরাইনের হকারি করেন।
মোবাইল চোর চক্রের বাকি সদস্যরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনপাড়ার মো. শাহজাহান, ঢাকার শনিরআখড়ার কদমতলীর জসিম (৪০) ও পল্লবীর আনিচ (৩৬)। চারজনের এই দলটি দেশের বড় বড় জানাজায় গিয়ে দামী মোবাইল চুরি করে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের জানাজায় অংশ নেন সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ। জানাজায় প্রচণ্ড ভিড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল।
এসময় ঐতিহ্যবাহী বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন সুমন মোল্লা। স্থানীয়রা তাকে পুলিশে দিলে বের হয়ে আসে মোবাইল চোর চক্রের সম্পর্কে তথ্য।
জিজ্ঞাসাবাদে সুমন জানান, তাদের দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের জানাজায় গিয়ে মোবাইল চুরি করে। এক্ষেত্রে তারা পরিষ্কার পাঞ্জাবি-পায়জামা পরেন যাতে কেউ সন্দেহ না করে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.