নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলায় ওসিসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৬ সালের ১১ জুলাই আব্দুল বারিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ নুরুল করিম ছোটন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি গৌড় চন্দ মজুমদার, এএসআই সোহরাব আলী, কনস্টেবল তপন বড়ুয়া ও রেলের টিসি আনিসুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকার বাসিন্দা ছিলেন।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৬ সালের ১১ জুলাই আব্দুল বারিকের ছোট ছেলে মাজহারুল হক বাবুকে জামালপুর স্টেশনে বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে আটক করে পুলিশ। খবর পেয়ে বারিক সেখানে যান এবং ছেলেকে ছাড়িয়ে নেন। এসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় আব্দুল বারিকের। একপর্যায়ে কনস্টেবল তপন মাথায় আঘাত করলে তিনি প্ল্যাটফর্ম থেকে রেললাইনে পড়ে যান এবং চিকিৎসাধীন অবস্থায় ঐদিন বিকেলেই ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) তিনি মারা যান। পরদিন আব্দুল বারিকের বড় ছেলে মিজানুর রহমান মুকুল বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
২০১৭ সালের ৪ জুলাই তপন এবং রেলের টিসি আনিসুর রহমানকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় সিআইডি। পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তে ওসি গৌড় চন্দ্র ও এএসআই সোহরাব আলী আসামি হন। মামলায় মোট ২১ জন সাক্ষ্য দিয়েছেন।
পিপি নুরুল করিম ছোটন বলেন, প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন আমান উল্লাহ আকাশ ও এইচ আর জাহিদ আনোয়ার।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.