শুভ্র শাওন :
নির্বাচন কমিশন কর্তৃক দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির সুপারিশে গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানকে শ্রীপুর থানায় বদলির আদেশ হয়। ওই আদেশে ফায়েজুর রহমানকে শ্রীপুর থানায় বদলি করা হয়।
আদেশের পরদিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের বাসভবনে সস্ত্রীক ওই ওসির সাক্ষাতের ছবি ভাইরাল হয়। এরপর থেকে ভোটার ও সচেতন ব্যক্তিরা ওই ওসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী অধ্যাপক রুমানা আলী প্রধান নির্বাচন কমিশনারের কাছে শ্রীপুর থানায় নতুন পদায়ন করা ওসি ফায়েজুর রহমানকে বদলির দাবি জানান। তার আবেদনের প্রেক্ষিতে রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীপুর থানা থেকে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
দলের একটি সূত্র জানান, তিনি চিঠিতে উল্লেখ করেন নতুন বদলির আদেশ পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের খালাতো ভাই। প্রতিপক্ষ প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় নিরপেক্ষ নির্বাচনী পরিবেশে প্রভাব খাটানোর সম্ভাবনা আছে। তাই তাকে জরুরিভাবে অন্যত্র বদলির আবেদন করেন রুমানা আলী টুসি।
এ বিষয়ে মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, সাক্ষাৎ করার কিছু নেই। ঈদ পরবর্তী এসপি স্যারের বাংলোতে একটি প্রোগ্রামে ওই এমপির সঙ্গে ছবি উঠিয়েছিলাম। ইতোমধ্যে আমাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোন থানায় পদায়ন করা হয়েছে তা তিনি জানাননি।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম বলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানকে প্রত্যাহারের আদেশের কপি এখনও হাতে পাইনি। তাকে কি কারণে প্রত্যাহার করা হয়েছে তা-ও জানি না। তবে বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও দ্বাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, শুনেছি শ্রীপুর থানায় নতুন পদায়ন করা ওসির বদলির আদেশ হয়েছে। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি পাননি বলে জানান।
এদিকে গত বৃহস্পতিবার সারাদেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচন কমিশনের সম্মতিক্রমে পুলিশ সদর দপ্তর একসঙ্গে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.