
নুর আলম:
শরীয়তপুরের জাজিরায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর হত্যা মামলার আসামি দাউদ খান (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক ভাবে মুক্তিযোদ্ধার ছেলেকে আটক করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ। শুক্রবার (১২-জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম নাওডোবা এলাকার মেছের মুন্সী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দাউদ খান মেছের মুন্সী কান্দি গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে ও আটক মোজাম্মেল মাদবর (৪০) একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দাউদ খান ও মোজাম্মেল মাদবর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরকে হত্যা করা হয়েছিলো। ওই হত্যা মামলার আসামি ছিলেন দাউদ খান।
শুক্রবার রাতে নাওডোবা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাড়িতে যাওয়ার পরদিন শনিবার সকালে বাড়ির সামনে দাউদ খানের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে লাশটি পাঠানো হয়।
ঘটনাস্থলে গেলে স্থানীয় কয়েকজন জানান, নিহত দাউদ খান বাড়িতে একাই থাকেন। শুক্রবার প্রায় সাড়ে দশটা পর্যন্ত নাওডোবা বাসস্ট্যান্ড এলাকায় ছিলেন। পরদিন তার লাশ পাওয়া যায় বাড়ির সামনে।আটক মোজাম্মেল মাদবরদের সঙ্গে দাউদ খানদের প্রকাশ্যে বিরোধ থাকায় সন্দেহজনক ভাবে মোজাম্মেলকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
এদিকে ঘটনার দিন রাতেই আটক মোজাম্মেলের ভাই ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী'কে মুঠোফোনে ০১৯৭২-৯৬৪৭৩৭ নাম্বার থেকে কল করে জানানো হয়েছিলো, নিহত দাউদ খানের হাত পায়ের রগ কেটে ফেলা হয়েছে। তিনি যেনো ঘটনাটি গিয়ে দেখে আসেন। কে কল করেছে জিজ্ঞেস করলে কলটি কেটে দেয়া হয়। বিষয়টি নিয়ে পদ্মাসেতু দক্ষিণ থানায় রাতেই সাধারণ ডায়েরি করেন মোহাম্মদ আলী। (এমন একটি জিডির কপি রয়েছে আজকের সংগ্রামের প্রতিনিধির কাছে)।
এবিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম মুঠোফোনে জানান, তারা চৌকিদারের মাধ্যমে বিষয়টি সকাল আনুমানিক ৭ টার দিকে জানতে পেরেছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় স্থানীয়রা মোজাম্মেল মাদবর নামে একজনকে আটক করে তাদের হেফাজতে দিয়েছে বলেও জানান তিনি। এর বেশি এখন কিছু বলতে পারবেন না বলে জানান তিনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.