
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের পথরোধ করে জাহাঙ্গীর আলম (৩৪) নামে এক শিক্ষককে মারধর করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
শনিবার (৯-জুন) বিকেলে উপজেলার রংপুর-জলঢাকা মহাসড়কের এরশাদ বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই শিক্ষক কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক এবং জলঢাকার পূর্ব বালাগ্রামের শরিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত ওই শিক্ষকের পক্ষে তার ভাই বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শিক্ষক জাহাঙ্গীর আলম। আসার পথে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে স্থানীয় জৈনেক আনোয়ারুল কবিরের নেতৃত্বে ওত পেতে থাকা ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে শিক্ষক জাহাঙ্গীর আলমকে। এসময় জাহাঙ্গীরের চিৎকার চেচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
আহত ওই শিক্ষক এবিষয়ে গণমাধ্যমকে জানান, আনোয়ারুলের সাথে তার পূর্ব শত্রুতা ছিলো। কিন্তু সে এতো জঘন্য কাজ করবে ভাবতে পারেননি।
ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত আনোয়ারুলসহ তার সঙ্গে থাকা লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগও পেয়েছি। এবিষয়ে মামলার পক্রিয়া চলমান। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.