
মোঃমাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। মঙ্গলবার সকালে হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁদপুর ইউনিয়নের মেম্বর আশরাফ উদ্দীন স্বপন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সাথে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। সোমবার সন্ধ্যায় গ্রামে ধর্মসভার আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জেরে সকালে দবির ও মোশাররফ হোসেন গ্রামের মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়।
এঘটনার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মাহবুবুল আলম বলেন, সকালে হরিণাকুন্ডু থেকে কয়েকজন রোগী এসেছিলো। এদের মধ্যে আমরার মোশাররফকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হলে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মহিন নামের একজনকে আমরা আটক করে হেফাজতে নিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
১১/০২/২৫
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.