
মোঃ মাসুদ বিপ্লব ঠাকুরগাঁও থেকে:
ঠাকুরগাঁওয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় ফিল্মীষ্টাইলে মাদক ব্যবসায়ী ছিনতাই ঘটনা ঘটেছে।বেপরোয়া মাদক ব্যবসায়ীরা।গত বুধবার পৌর শহরের গোবিন্দ নগর ওড়া পাড়া এলাকায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। বিজয় (২২) ও তার সহযোগীরা হ্যান্ডকাফ পরা অবস্থায় আটক মাদক ব্যবসায়ী প্রিয় ইসলাম (১৭) কে ছিনতাই করে নিয়ে যায়। প্রশাসন জানায়, প্রিয় ইসলামের শয়নকক্ষ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকায় তল্লাশি চালিয়ে ইমরান নামে আরও এক মাদকসেবীকে আটক করা হয়। ইউএনও খাইরুল ইসলাম বলেন, "এটি দুঃখজনক ঘটনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" অপরদিকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় যৌথবাহিনীর অভিযানে হুদুম চন্দ্র রায়কে মাদকসহ আটক করে পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
এদিকে ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে, তাঁরা এখন আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের নেটওয়ার্ক চালাচ্ছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে মাদক কেনাবেচা করা হচ্ছে। এসব অ্যাপের মাধ্যমে আগেভাগেই যোগাযোগ করে নির্দিষ্ট স্থানে ডেলিভারির ব্যবস্থা করা হয়, যার ফলে হাতেনাতে ধরার সুযোগ অনেকটাই কমে যাচ্ছে।
এছাড়া, মাদক পরিবহনের জন্য মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসের মতো দ্রুতগামী যানবাহন ব্যবহার করা হচ্ছে। মূল ব্যবসায়ীরা নিজের হাতে মাদক বহন না করে নির্দিষ্ট স্থানে রেখে যায় এবং অ্যাপের মাধ্যমে তার অবস্থান জানিয়ে দেয়। ফলে পুলিশ বা র্যাবের হাতে ধরা পড়ার ঝুঁকি কম থাকে।
ঠাকুরগাঁও শহরের বেশ কয়েকটি এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো:আর্ট গ্যালারির আশপাশ,হকার্স মার্কেট,বিসিক শিল্প নগরীর বিভিন্ন পয়েন্ট,প্রেস ক্লাবের মাঠ,সুইপার পট্টি, নিশ্চিতপুর হ্যাডস মোড়,ডিসি বস্তি,বাসস্ট্যান্ড এলাকা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়ে না।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত এনালগ পদ্ধতিতে অভিযান চালাচ্ছে, যা প্রযুক্তিনির্ভর মাদক ব্যবসায়ীদের ধরতে কার্যকর হচ্ছে না। মাদক কেনাবেচায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির জ্ঞান না থাকায় অপরাধীরা সহজেই পালিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাদক ব্যবসায়ীদের ধরতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নজরদারি বাড়ানো, সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদার করা এবং দ্রুতগামী যানবাহন ব্যবহার করে অভিযানের কৌশল নিতে হবে।
মাদকের বিস্তার ঠাকুরগাঁওয়ে সামাজিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে। চুরি, ছিনতাই, কিশোর গ্যাং-এর উৎপাত, পারিবারিক সহিংসতা, এবং তরুণদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার মতো ঘটনা বেড়েছে। মাদকের কারণে অনেক তরুণ পড়াশোনা ছেড়ে বিপথে চলে যাচ্ছে, যা গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। তার উদাহরণ গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ীকে দিনদুপুরে ফিল্মীষ্টাইলে ছিনতাই।
ঠাকুরগাঁওয়ে মাদকের বিস্তার এবং এর আধুনিক রূপ আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শুধুমাত্র প্রচলিত পদ্ধতিতে অভিযান চালিয়ে এই সংকট সমাধান সম্ভব নয়। প্রযুক্তিনির্ভর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ উন্নতকরণ এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায়, মাদক ব্যবসায়ীরা আরও সংগঠিত হয়ে পড়বে এবং পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.