নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হৃদয় (২৩), মোঃ রায়হান (১৯) ও মোঃ সায়েম ওরফে সাইফ (১৯)। এ সময় তাদের হেফাজত থেকে একটি ছুরি, একটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১৫ ঘটিকায় মিরপুর থানাধীন সেকশন-২ এর বাংলাদেশ-জার্মান কারগরি প্রশিক্ষণ কেন্দ্র মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরপুর থানাধীন সেকশন-২ এর বাংলাদেশ-জার্মান কারগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের ফুটপাতের উপর কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জনগণের সহায়তায় তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্টু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.