
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় অবস্থিত অর্পিতা ছাত্রী নিবাস থেকে লাবিবা আস্থা (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ছাত্রাবাসের ৩২২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করলেও, বিষয়টি ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
জানা গেছে, লাবিবা আস্থা জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামের বাসিন্দা এবং মৃত ফজলুর রহমানের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি অর্পিতা ছাত্রী নিবাসে থেকে লেখা পড়া করছিলেন।
শুক্রবার সকালে পাশের কক্ষের শিক্ষার্থীরা অনেকক্ষণ ধরে লাবিবার কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহজনকভাবে তার কক্ষে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি ছাত্রী নিবাসের মালিককে জানান। মালিক পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহিদুর রহমান জানান, “আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। তবে ওই ছাত্রীর মা ও মামা এসে মরদেহের সুরতহাল রিপোর্ট না করার অনুরোধ করেছেন।”
পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। পরিবার থেকেও মৃত্যুর পেছনে কোনো সম্ভাব্য কারণ জানানো হয়নি। তদন্তের স্বার্থে ছাত্রী নিবাসের অন্যান্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে শিক্ষার্থী লাবিবার এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা না ভেবে রহস্যজনক মৃত্যু বলেও সন্দেহ প্রকাশ করছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.