
রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটক ওই প্রতারক লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সে একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে রাজিউন হক সাগর (২৯)।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, কুড়িগ্রাম ডিসি অফিসের পুকুর পারে বসে কয়েকজনের সাথে কথোপকথন এবং বিভিন্ন প্রকার কাগজপত্র আদান-প্রদান করার সময় তাকে হাতে নাতে ধরে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ সময় আটককৃত রাজিউন হক সাগর প্রাথমিক ভাবে স্বীকার করেছে যে, তিনি সরকারি চাকুরি দেয়ার কথা বলে তিনজনের নিকট ২৮ লাখ টাকা নিয়েছেন এবং চাকরি দিতে না পারায় কিছু টাকা ফেরতও দিয়েছেন।
রাজিউন হক স্বীকার করেছে যে, প্রায় ৫৮ লাখ টাকার বিনিময়ে ইতোমধ্যে চারজনকে বিভিন্ন সরকারি দফতরে অসৎ উপায়ে চাকুরী নিয়ে দিয়েছেন।
জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের রাশেদুল ইসলাম এর নিকট হইতে ১৫ লাখ টাকা এবং একই উপজেলার অনন্তপুর গ্রামের মাহমুদুল হাসানের নিকট হইতে ১৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এছাড়াও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে চাকুরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আটককৃত রাজিউন হক সাগরকে রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.