স্টাফ রিপোর্টার, মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় স্থানীয় কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে পৌর বিএনপি'র সভাপতি আনোয়ারু হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ি উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি'র সহ-সভাপতি নাজমুল হক (নাজু), দিনাজপুর জেলা বিএনপি'র অন্যতম সদস্য পার্বতীপুর উপজেলা যুব দলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম, হরিরামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি তোফাজ্জল হোসেন (তপু), ফুলবাড়ি উপজেলার যুব দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, হামিদপুর ইউনিয়ন বিএনপি'র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাফিজুল হক, যুবদল নেতা সাকিব হোসেন ডলার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে যুবদল নেতা সাকিব হোসেন ডলারের বাসায় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম।
তিনি বলেন, গত ৩০ মে রাতে বড় পুকুরিয়া কয়লার খনি থেকে এক ট্রাক স্ক্র্যাব মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে খনির বাহিরে প্রায় ৬০-৭০ জন দুবৃত্ত মাল বোঝাই ট্রাকটিকে আটক করে। মালামাল ক্রয়কারী ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী আরিফুল হক সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনসিপি’র পার্বতীপুরের সংগঠক তারিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতেই আটক তারিকুল ইসলাম ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন (সাদো), উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম, উপজেলা যুবদলের নেতা মমিনুল হক, যুবদল নেতা সাকিব হোসেন (ডলার) সহ ৯ জনসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে ঠিকাদারের কর্মচারী আরিফুল হক চাঁদাবাজির মামলা করেন। মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন আয়োজনকারীদের অভিযোগ, একটি বিশেষ মহলের ইন্ধনে পার্বতীপুর থানা পুলিশ কোন প্রকার সুষ্ঠ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মামলাটি রেকর্ড করেন। বক্তারা দাবী করেন, ওই ঘটনার সাথে বিএনপি’র কেউ জড়িত ছিলেন না। তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগে মামলায় জড়ানো হয়েছে। তারা ওই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানায়,নতুবা কঠোর কর্মসূচী দেয়ার কথা জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.