মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে অপহরণ চাঁদাবাজিসহ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস-এর সক্রিয় ৯ জনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২০ জুন) ভোরে লামা উপজেলার টংকাবতীর পুনর্বাসন চাকমা পাড়া এবং ইম্মানুয়েল ত্রিপুরা পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় অস্ত্র বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন- আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, লামার টংকাবতীর পুনর্বাসন চাকমা পাড়া এবং ইম্মানুয়েল ত্রিপুরা পাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএসের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় জেএসএস এর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪টি দেশীয় গাদা বন্দুক, ২টি ব্যারেল, ৩টি ছুরি, ১টি ইউনিফর্মের নিচের অংশ, ২ জোড়া বুট, ১টি ট্যাব, ২টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার জব্দ করা হয়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে আলীকদম সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা লামার টংকাবতী এলাকার পুনর্বাসন চাকমা পাড়া এবং ইম্মানুয়েল ত্রিপুরা পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ জেএসএস এর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পাহাড়ি সন্ত্রাসীদেরকে সকল প্রকার চাঁদা প্রদান হতে বিরত থাকার এবং সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা চাওয়ার সঙ্গে সঙ্গে আলীকদম সেনা জোনকে অবহিত করার জন্য এলাকাবাসীদের অনুরোধ করেন।
স্থানীয়রা অভিযোগ, সাম্প্রতিক সময়ে টঙ্কাবতী সরই সুয়ালকসহ বিভিন্ন এলাকায় অপহরণ চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। স্থানীয় একটি চক্র এসব ঘটনার সাথে জড়িত রয়েছে। এদিকে এই অভিযানে এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
টঙ্কাবতী ইউনিয়নের চেয়ারম্যান মানইয়ং ম্রো বলেন, পূর্ণবাসন চাকমা পাড়ায় সেনাবাহিনী অভিযান চালায় এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, পাহাড়ে অপহরণ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রশস্ত্রসহ ৯ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.