গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) সকাল থেকে সারাদিনব্যাপী এলাকাবাসী ও ভক্তদের অংশগ্রহণে শুরু হয় এই ঐতিহ্যবাহী উৎসব। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তবৃন্দ বিকেল ৫টায় রথ টানতে অংশগ্রহণ করেন। রথযাত্রা উপলক্ষে কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের আয়োজনে বিশেষ পূজা, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেন।
জয়কালী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা রথযাত্রাকে কেন্দ্র করে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজন করেছি। হাজারো ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয়েছে এক মিলনমেলায়। আমরা কৃতজ্ঞ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি।
স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা জানান, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি এলাকার সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসময় কালিহাতী থানা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রথযাত্রা উপলক্ষে পুরো এলাকা সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। দিনভর ভক্তদের পদচারণায় মুখর ছিল পুরো কালিহাতী উপজেলা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.