রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় গণিতে এ প্লাস না পাওয়ায় আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সুমাইয়া ওই এলাকার আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে সে তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করে এবং এরপর নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা তাকে দুপুরের খাবারের জন্য ডাকতে গেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, "সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় সে নিজেকে ব্যর্থ মনে করছিল। কেউ কল্পনাও করতে পারেনি যে সে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে।"
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.