মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
উত্তরের হিম কন্যা পঞ্চগড় জেলার বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহী করতোয়া নদী আজ হারিয়েছে তার প্রাণচঞ্চল রূপ। এক সময় যে নদী ছিল মাছ ধরার উৎস, কৃষিকাজের প্রধান জলাধার ও সাধারণ মানুষের জীবিকার সহায়ক, সেই করতোয়া এখন রূপ নিয়েছে বিশাল বালুচরে।
নদীর প্রবাহ আজ প্রায় অদৃশ্য। নৌকা পারাপারের দৃশ্য এখন কেবল স্মৃতিতে। নদী ঘেঁষে গড়ে ওঠা অনেক পরিবার তাদের পৈতৃক ভিটেমাটি নদীগর্ভে হারিয়ে দিশেহারা। স্থানীয়রা জানান, নদী খননের কোনো উদ্যোগ না থাকায় এবং পার্শ্ববর্তী দেশ থেকে ন্যায্য পানির হিস্যা না পাওয়ায় নদীটি ক্রমেই প্রাণ হারিয়েছে।
কৃষকরা বলছেন, কৃষিকাজে করতোয়ার পানি একসময় ছিল অপরিহার্য, কিন্তু এখন তারা বাধ্য হয়ে বিকল্প উৎসের ওপর নির্ভরশীল। নদীর পাড়ে যারা পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করতেন, তারাও এখন কর্মহীন হয়ে পড়েছেন।
ভুক্তভোগীরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে জানান, অবিলম্বে করতোয়া নদী খননের উদ্যোগ গ্রহণ করা হলে নদী কিছুটা হলেও তার স্বাভাবিক রূপ ফিরে পেতে পারে। নদীর সঙ্গে জড়িয়ে থাকা হাজারো মানুষের জীবনের দাবি—‘করতোয়াকে বাঁচান, জীবন বাঁচান।’
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.