মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
রেলপথে যাত্রা আরও স্বাস্থ্যকর ও নিরাপদ করতে দেশের প্রতিটি রেল স্টেশনকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। অচিরেই রংপুরসহ দেশের সকল রেলস্টেশন শতভাগ ধূমপান ও তামাকমুক্ত হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসাইন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রংপুর রেলস্টেশনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় রংপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার আবুহেনা মোস্তফা আলম। এছাড়াও বক্তব্য রাখেন রেলওয়ে পুলিশের ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল ও রেলওয়ে প্লাটফর্ম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সভায় যুগ্ম সচিব বলেন, “যাত্রীসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি স্টেশন ও ট্রেনকে ধূমপানমুক্ত রাখতে হবে। এটি শুধু নির্দেশনা নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।”
পরে তিনি রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে রেল স্টেশন ও প্লাটফর্ম ঘুরে দেখেন এবং ‘ধূমপান ও তামাকমুক্ত রাখার কৌশলপত্র’ যাত্রীদের মাঝে বিতরণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে দেশের রেলস্টেশনগুলোকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যবান্ধব পরিবেশে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.