
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের গাবলা এলাকায় আমজাদ খান (৬০) নামের এক কৃষককে দিবালোকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কৃষক আমজাদ খান রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের মেঝ ছেলে।
গতকাল ২৭ জুলাই রবিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান কৃষক আমজাদ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার বিকালে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই আরিফুল আলম খান বলেন, ২৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় আমার ভাই বাড়ি থেকে বের হলে বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মেহেদী হাসান সবুজ (৩৫), হাকিম মন্ডল (৪৮), মাজেদ মন্ডল (৫২) মাকিম মন্ডল (৪৫) মোঃ জলিল মন্ডল সহ ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে আমাদের বাড়ির সামনে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে ডাক্তার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাইকে ভর্তি করা হয়। সেখান থেকে ভাইয়ের অবস্থা অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। শনিবার বিকালে আমার ভাই রাজধানীর আনোয়ার মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরিফুল আলম খান অভিযোগ করে বলেন কাজল মোল্লা ও ফরিদসহ ৪/৫ জন এই হত্যার মাস্টার প্লান করেন, হানিফ খার বাড়ির চুরি হওয়া ৭ লক্ষ টাকা চোর চক্রের সদস্যরা স্বইচ্ছায় ফেরত দিতে ইচ্ছা পোষণ করিলে কাজল মোল্লা, সবুজ মোল্লা ও ফরিদ সহ ৪/৫ জন চুরি হওয়া টাকা ফেরত দিতে বিরোধিতা করে , এই বিষয়ে গ্রাম্য সালিশে সমঝোতার উদ্যোগ নেয়ায় আমজাদ খান হত্যার শিকার হন বলে অভিযোগ এলাকাবাসীসহ আরিফুল আলম খানের ।
আরিফুল আলম খান আরো বলেন এলাকার চিহ্নিত সন্ত্রাসীসহ বহিরাগত সন্ত্রাসীদের এনে আমার ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ।
২৭ জুলাই রবিবার বাদ মাগরিব মরহুমের নামাজের জানাজার শেষে এলাকাবাসী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গত বুধবার সন্ধ্যায় কুপিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয় কৃষক আমজাদ খানকে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যেহেতু শনিবার বিকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে আমরা ৩০২ ধারা যুক্তর জন্য বিজ্ঞ আদালতে আবেদন পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল মন্ডল নামে এক জন আসামীকে গ্রেফতার করা হয়েছে ও অভিযান অব্যাহত রয়েছে ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.