গোলাম মোস্তফা, পাবনা প্রতিনিধি:
পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় ভোরে দুই নারীর লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে স্থানীয় মুসল্লিরা সড়কের পাশে দুই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় লাশ দুটি দেখে তাদের মাথা ফেটে মগজ বের হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় চলন্ত দুধবাহী লরির চাপায় ওই দুই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে পৌরসভার বড়ালব্রিজ স্টেশন এলাকায় ওই দুই নারীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। নিহতরা ছিন্নমূল ও গৃহহীন বলে ধারণা করা হচ্ছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,
“প্রথমিকভাবে মনে হচ্ছে নিহত দুই নারী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। লাশের কাছে তাদের ভিক্ষার থলে ও সামান্য কিছু খুচরা টাকা পাওয়া গেছে। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
এদিকে হঠাৎ দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে নিহতদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.