বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন— “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা থেকে দূরে রাখে। খালেদা জিয়া সবসময়ই খেলাধুলার উন্নয়ন ও তরুণদের ইতিবাচক বিকাশে গুরুত্ব দিয়েছেন। তার জন্মদিনে এ আয়োজন তরুণদের অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার। তিনি বলেন, “খেলার মাঠ সরব থাকলেই সমাজ সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠবে। বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ও নাদুরপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক উজ্জল রিপন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রাজনীতির পাশাপাশি সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ আমাদের দায়িত্ব। খালেদা জিয়ার জন্মদিনে এই টুর্নামেন্ট আয়োজন তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। খেলা দেখতে স্থানীয় জনগণের ভিড় জমে যায় মাঠে। উদ্বোধনী খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে ধারাবাহিকভাবে আরও খেলাধুলার আয়োজন করা হবে, যা তরুণ সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি ঐক্যবদ্ধ করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.