আশিক আহমেদ :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহত সাংবাদিকের নাম তরিকুল শিবলী (৪০)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। সহকর্মী সাংবাদিক ও উপস্থিতরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এ আনার পথেই তিনি মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়াকাল বন্ধ হয়ে স্ট্রোক করে মারা গেছেন।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় সহকর্মী সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। চ্যানেল এস-এর সহকর্মীরা জানান, তরিকুল শিবলী দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক মহল একটি শূন্যতার মুখে পড়ল।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানিয়েছেন, দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।
এদিকে, সাংবাদিক তরিকুল শিবলীর মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশে সংবাদপেশায় নিয়োজিতদের জন্য এই মৃত্যু আবারও ঝুঁকি ও অনিশ্চয়তার বিষয়টিকে সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.