ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌর শহরের রোড বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত আটটি দোকান। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬৫ থেকে ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মুদিখানা, টেইলার্স, ইলেকট্রিক সামগ্রী বিক্রির দোকান, জুতার দোকান ও একটি মালামালের গোডাউন। দুর্গাপূজা সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে বিপুল পরিমাণ পণ্য মজুত করেছিলেন, যা আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তবে বাজার এলাকায় পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায় দেড় কিলোমিটার দূরের সুখ নদী থেকে পানি এনে আগুন নেভাতে হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।’’
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানিরঘটনা ঘটেনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.