
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাজিপাড়ার নিশ্চিতপুর মৌজার ৯৬০ নং দাগে তাদের পূর্বপুরুষদের রেকর্ডীয় জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ (পিতা: মৃত কশির উদ্দিন) এবং জালাল আবেদিন (পিতা: আব্দুল হামিদ)-এর নাম উঠে এসেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২৮ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ততার সময় রউফ বাহিনীর ৪০-৫০ জন লোক জমি দখলের চেষ্টা করে। তারা জমির গাছ কেটে নেয় এবং বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে। এ সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অভিযুক্তরা তাদের 'মালাউন' বলে গালিগালাজও করে।
এ ঘটনায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তারা বলেন, "আমরা নিরাপদে পূজা করার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা এর সঠিক বিচার চাই।"
জানা গেছে, বিবাদীয় জমি সংক্রান্ত বিষয়ে সিনিয়র সহকারী জজ আদালতে বর্তমানে ১৯৭/২০২৫ নং মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যেই জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.