
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে আলী আকবর রিজভী (১২) নামে এক হাফেজি পড়ুয়া ছাত্র নিখোঁজ রয়েছে ১৫ দিন ধরে। পরিবার ধারণা করছে, দুষ্টচক্র কর্তৃক অপহরণ কিংবা পাচারের শিকার হতে পারে সে।
রিজভী কালীগঞ্জ শহরের ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে কোটচাদপুর উপজেলার বলুহর গ্রামের ট্রাকচালক জাহিদুল ইসলামের ছেলে এবং নানার বাড়ি ফয়লা গ্রাম থেকে পড়াশোনা করত।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর বিকেলে কিছু খাওয়ার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় রিজভী। এরপর শহরের বলরামপুর ভ্যানস্ট্যান্ড এলাকার এক কামারের দোকানে চাকু কেনার কথা বলে দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
পরিবার ও আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১২ অক্টোবর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রিজভীর পিতা। এরপর ২০ অক্টোবর তিনি ঝিনাইদহ র্যাব ক্যাম্পেও লিখিত অভিযোগ জমা দেন।
রিজভীর পিতা জাহিদুল ইসলাম জানান, “পুলিশ ও র্যাবের পাশাপাশি আমরা বিভিন্ন স্থানে খুঁজেছি, কিন্তু ছেলের কোনো খোঁজ পাইনি। স্থানীয় কিছু গুনিন বলেছেন, একটি চক্র তাকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় আটকে রেখেছে— তবে সেখানেও খোঁজ মেলেনি।”
ফয়লা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান বলেন, “রিজভী আমাদের হেফজ বিভাগের ছাত্র ছিল। নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমরাও তাকে খুঁজে যাচ্ছি।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “হাফেজি ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.