
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ভয়ংকর নতুন ধরনের মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজারের ফুলবাড়ী এলাকা থেকে ১৮’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক হন সিরাজুল ইসলাম (৩৮)। তিনি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রামের জালাল উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার বিকেলে মাদকসহ তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা বারবাজারের ফুলবাড়ী এলাকায় অভিযান চালাই। এসময় রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক থেকে ১৮’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সিরাজুলকে আটক করা হয়।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটটি ভারতীয় এক ওষুধ কোম্পানির তৈরি। ভারতে এটি ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও এক শ্রেণির অসাধু চক্র তা অবৈধভাবে বাংলাদেশে এনে নেশার উপকরণ হিসেবে বিক্রি করছে। অতিরিক্ত সেবনে এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন,
“নতুন এই মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে বারবাজার হাইওয়ে পুলিশ আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।”
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.