
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী শহরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।হামলাকারীদের ছোড়া গুলিতে সিফাত মন্ডল (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সিফাত মন্ডল স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম মন্ডলের ছেলে এবং রাজবাড়ী আরএসকে স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একদল দুর্বৃত্ত সিফাতদের বাড়ির গেটে এসে গালাগালি ও হুমকি দিতে থাকে। এ সময় তারা জানালায় আঘাত করে। শব্দ শুনে সিফাত ও তার বাবা ঘুম থেকে উঠে বাইরে বের হলে হামলাকারীরা হঠাৎ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সিফাত মাটিতে লুটিয়ে পড়ে এবং তার পেট দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
সিফাতের চাচি রুনা বেগম বলেন, “রাত ১১টার দিকে কয়েকজন লোক গেটে এসে ‘ইনছান, ইনছান’ বলে গালাগালি করছিল। জানালায় আঘাত করছিল। হঠাৎ গুলির শব্দ হলে দেখি সিফাত মাটিতে পড়ে আছে।
পরে আহত সিফাতকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।"
রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয় এবং সে সময় সে হাইপোভোলিউমিক শকে ভুগছিল। প্রাথমিক চিকিৎসায় তার অবস্থা কিছুটা স্থিতিশীল করা হলেও গুলির আঘাতে খাদ্যনালীর অংশে ছিদ্র ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “বিনোদপুর এলাকার ইনছান ও শিমুল নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে এ গুলির ঘটনা ঘটে। এ সময় ছোড়া এলোমেলো গুলিতে শিশু সিফাত আহত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.