
নিজস্ব প্রতিনিধি:
মো: গোলাম মোস্তফা
আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ২৩ মিনিটে পাবনা কোর্ট চত্বর থেকে জাতীয় দৈনিক আমাদের বাংলা ও যুগ যুগান্তর–এর পাবনা জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক সত্যের সাক্ষ্য বার্তা পত্রিকার সম্পাদক মো. আয়নুল ইসলাম ওয়াদুদকে সংঘবদ্ধভাবে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাবনা পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপমের নেতৃত্বে ৭–৮ জন ব্যক্তি সাংবাদিক ওয়াদুদকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ সময় অটোর ভেতরেই তার ব্যবহৃত মোবাইল ফোন এবং সঙ্গে থাকা নগদ ২ লাখ ৭৩৫ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে অপহরণকারীরা সাংবাদিক ওয়াদুদকে রুপমের বাসায় নিয়ে দীর্ঘ সময় আটকে রাখে বলে অভিযোগ। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এবং পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অবগত হলে দুপুর ৩টার দিকে ভুক্তভোগীর আত্মীয়স্বজন ও ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারকালে তার মোবাইল ফোনও ফেরত দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আয়নুল ইসলাম ওয়াদুদ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তার পরিবার। ঘটনার বিষয়ে অপহরণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল ও নাগরিক সমাজ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.