
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও শহরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ইজিবাইকচালককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ইজিবাইক, বিপুল পরিমাণ চা-পাতা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মো. তাউহিদ ইসলাম রতন (৩১)। তিনি ঠাকুরগাঁও পৌর এলাকার মিটচিলা রং মহল্লার বাসিন্দা।
র্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বড় মাঠ এলাকায় টহল চলাকালে ইয়াবা পরিবহনের তথ্য পাওয়া যায়। পরে হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে অবস্থান নিয়ে ইজিবাইক তল্লাশি শুরু করা হয়। এ সময় একটি ইজিবাইক থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির ইজিবাইকের পেছনের সিটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০টি প্যাকেটে মোট ৩ হাজার ৯১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন প্রায় ৩৯১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭৪ হাজার টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া একই বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬১টি প্যাকেট চা-পাতা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২৭ কেজি। র্যাবের ভাষ্য অনুযায়ী, চা-পাতার আড়ালে ইয়াবা বহনের চেষ্টা করা হচ্ছিল।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন , অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক এবং মাদক লেনদেনে ব্যবহৃত আলামতসহ আটক ব্যক্তিকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.