
ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রে যেন আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, সে লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। রাষ্ট্রব্যবস্থায় জং ধরেছে উল্লেখ করে তিনি বলেন, এটি সংস্কারের মাধ্যমে ঠিক করতে হবে। আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই। এক ব্যক্তির শাসনের অবসান ঘটাতে এবং ফ্যাসিবাদ যেন আর জন্ম না নেয়, সে কারণেই আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলীনবাবুর হাটে ও উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায় আর কে চায় না। আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে, দেশ আগের পথে চলবে নাকি নতুন পথে এগোবে। যারা চায় দেশ নতুনভাবে উন্নয়নের পথে অগ্রসর হোক, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা পরিবর্তন চান না, তারা ‘না’ ভোট দেবেন।
তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, তারেক রহমান ঠাকুরগাঁওয়ের জনসভায় এসে প্রতিপক্ষের সমালোচনা করেননি; বরং তিনি জনগণের সামনে নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেছেন। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকে সমর্থন করি।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ৫০ লাখ মায়ের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচসুবিধা পাবেন।
সংখ্যালঘু জনগোষ্ঠীর উদ্দেশে তিনি বলেন, “হিন্দু-মুসলমান বেধেছি জোট, ধানের শীষে দেব ভোট”—এই স্লোগান শুধু কথার কথা নয়। আপনারা সংখ্যালঘু নন, আপনারা এই দেশের নাগরিক। সাহস রাখুন, আমি আপনাদের পাশে আছি।
পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.