নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের ফল প্রকাশ করেছে। প্রকাশিত ফল অনুযায়ী বিএনপি ২০৯টি আসনে জয় লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়ী হয়েছে ছয়টি আসনে।
নির্বাচন শেষ হওয়ার পর এখন সবার দৃষ্টি নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের দিকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপরই শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
সরকারি সূত্র অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। শপথের পরবর্তী দুই দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে।
নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন পাওয়ায় বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে কী ভূমিকা পালন করবে, তা পরবর্তী সময়ে নির্ধারিত হবে। তবে জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে—এমনটাই রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে।
নতুন সংসদ ও মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.