
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ও গভীর রাতে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৬৫৫০) পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রহিমা ওই গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
অন্যদিকে, শনিবার বিকেলে সদর উপজেলার ভূল্লী থানার আওলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মন সাসলা পিয়ালা বাজার এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.