
কেরানীগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি চালু করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার জয়নগর এলাকায় খাল খনন করা হয়।
পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জয়নগরে পুনরায় খাল খনন কার্যক্রম চালু করেন, যা স্থানীয় কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকারের ধারাবাহিকতায় জয়নগরে আবারও খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং গ্রামীণ উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫-ই ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ উপজেলার জয়নগর, তারানগর ইউনিয়নে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২ আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে মন্ত্রী খাল খনন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখনন হলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.