
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মিন্টু দত্ত নামে এক ডিজেল ও পেট্রোল বিক্রেতা গুরুতর দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক বাজারে একটি ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, বিল্টু দত্ত ও মিন্টু দত্তের দোকানে ড্রামে জ্বালানি ভর্তি করার সময় হঠাৎ আগুন লাগে। পরে আগুন পাশের একটি হোটেলের গ্যাস সিলিন্ডার ও গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই বাজারের একাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ব্যবসায়ী ও ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।
আন্ধারমানিক বাজারের হোটেল মালিক সুজন সরকার বলেন, হঠাৎ পাশের দোকানে আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তার দোকানসহ কয়েকটি দোকান পুড়ে যায়।
এ ঘটনায় গুরুতর দগ্ধ মিন্টু দত্তকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর স্টেশনের দুটি এবং আরিচা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আন্ধারমানিক বাজার বণিক সমিতির সভাপতি ফরিদুর রহমান জানান, আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.