মাসুদ রানা, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হওয়া বজ্রপাতে দুই কৃষকের প্রাণহানি ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—খড়িবাড়িয়া গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) এবং একই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সমির বিশ্বাস তার বাবার সঙ্গে নিজেদের মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের জমিতে কাজ করছিলেন অপু বিশ্বাসসহ আরও কয়েকজন শ্রমিক। হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান। আহত বাকি চারজনের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় খড়িবাড়িয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.