
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে সড়ক ও বাড়ির সামনে–এমন চরম দুর্ভোগে পড়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দারা। পানি নিষ্কাশনের অকার্যকর ড্রেনের কারণে প্রায় শতাধিক পরিবার কার্যত পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারের অল্প বৃষ্টিতেই এলাকার প্রধান সড়কসহ আশপাশের বাড়ির সামনে পানি জমে যায়। এতে করে এলাকাবাসী ও পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে মারাত্মক দুর্ভোগ তৈরি করেছে।
এলাকার বাসিন্দা ইকবাল হোসেন রাজু বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের একমাত্র চলাচলের সড়কটি পানিতে ডুবে যায়। এখন বাড়ির সামনেও হাঁটু পানি জমে আছে। ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় পানি নামতে পারছে না। তিনি আরও জানান, জমে থাকা পানির সঙ্গে ড্রেনের ময়লা-আবর্জনা ভেসে এসে পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে।
একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা উত্তম সাহা, নৃত্য দাস ও খোকন মোল্লা। তারা জানান, প্রায় প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এ ধরনের দুর্ভোগ পোহাতে হয়। সমস্যার সমাধানে একাধিকবার পৌরসভায় অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ড্রেন অকেজো থাকার কথা নয়। তবুও বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের পাঠানো হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.