
এম,এ মালেক:
ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ মে (শুক্রবার) রাতে উপজেলার বিলডোরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হালুয়াঘাট থানার বাঘবের ইউনিয়নের চণ্ডীড়কান্দা গ্রামের মিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেন বাদশা (২৪) এবং ধোবাউড়া থানার গাজীরভিটা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের মো. রতন মিয়ার ছেলে মো. তোফায়েল মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, হালুয়াঘাট থানার এসআই মো. মানিক মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম শুক্রবার রাতে মাদক উদ্ধার ও বিশেষ ডিউটি করার সময় গোপন সূত্রে নিশ্চিন্তপুর গ্রামের জনৈক আঃ হাইয়ের মুদি দোকানের পাশে মাটির রাস্তার ওপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচা করছে।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে আনোয়ার হোসেন বাদশা ও তোফায়েল মিয়াকে আটক করতে সক্ষম হলেও অপর এক অজ্ঞাতনামা আসামি অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করা হয়। এ সময় আসামি আনোয়ার হোসেন বাদশার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের সাদা রঙের বাজারের ব্যাগ থেকে ৪ বোতল এবং তোফায়েল মিয়ার হাত থেকে ৪ বোতল— সর্বমোট ৮ বোতল ভারতীয় তৈরি ‘McDowell's No1 LUXURY BLENDED WHISKY’ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১২,০০০ (বারো হাজার) টাকা।
পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অভিনব কায়দায় অবৈধভাবে ভারতীয় মদ এনে হালুয়াঘাট ও আশপাশ এলাকায় কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় এসআই মো. মানিক মিয়া বাদী হয়ে ধৃত দুই জন এবং পলাতক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ২৪(ক)/৪১ ধারায় হালুয়াঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.