
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে। মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২১ মে) সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে আয়োজিত এ কার্যক্রমে চার শতাধিক জেলে পরিবারের মাঝে সরকার নির্ধারিত পরিমাণ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব চন্দ্র ভূষণ দে, ট্যাগ অফিসার হিসেবে বন বিভাগের জাহাজমারা রেঞ্জের অফিস স্টাফ মোঃ আবু সালেহ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোনাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব চন্দ্র ভূষণ দে বলেন, সরকার জেলেদের জীবনমান উন্নয়ন এবং দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ করে মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞার সময় যাতে জেলেরা আর্থিক ও খাদ্য সংকটে না পড়েন, সেজন্য নিয়মিতভাবে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির স্বার্থে জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ সহায়তা কর্মসূচি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নিয়ম মেনে চলতে উৎসাহিত করছে।
এদিকে, সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় এবং সময়মতো খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। তারা ভবিষ্যতেও সংকটময় সময়ে এ ধরনের সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.