
এ.কে পলাশ কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (৭ জুন) সকালে উপজেলার আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী জাফর (৩৫) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় কাভার্ড ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-২০-৬৫৭৫) মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক কাজী জাফর গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) নাজিম উদ্দিন বলেন, “চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে বিকল যানবাহন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে মহাসড়কে বিকল যানবাহনের ক্ষেত্রে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.