
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র শাকুয়াই বাজারে জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল এমপির বিশেষ নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে এই সংস্কার কাজ পরিচালিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে শাকুয়াই বাজারের এই সড়কটি খানাখন্দে ভরা থাকায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদার সৃষ্টি হতো, যা বাজারের স্বাভাবিক বাণিজ্যকে ব্যাহত করছিল। স্থানীয় জনগণের এই দুর্ভোগের কথা জানতে পেরে সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
সড়ক সংস্কার কাজ শুরু হওয়ায় শাকুয়াই বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা জানান:
"রাস্তাটির বেহাল দশার কারণে আমাদের যাতায়াত ও পণ্য পরিবহনে অনেক সমস্যা হতো। আমাদের প্রিয় নেতা সালমান ওমর রুবেল এমপি মহোদয় দায়িত্ব নেওয়ার পর দ্রুত এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ শুরু করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।"
এসময় এমপির প্রতিনিধি সাজ্জাদ হোসেন খান হীরা জানান, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার প্রতিটি অবহেলিত রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। "স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণের অংশ হিসেবে গ্রামীণ জনপদের এই উন্নয়ন কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.