
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বকাপ ফুটবল এলেই যেন বদলে যায় তার জীবন। নাম সুমন গৌড় (৩৫)। তবে এলাকায় তিনি বেশি পরিচিত ‘মেসি সুমন’ নামেই। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অগাধ ভালোবাসা আর ফুটবল উন্মাদনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের এই ভ্যানচালক এবারও ব্যতিক্রমী আয়োজন করে আলোচনায় এসেছেন।
আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, ব্যানার, ফেস্টুন ও নানা সাজসজ্জায় নিজের বসতিপাড়া সাজিয়ে তুলেছেন তিনি। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন বাংলাদেশের কোনো গ্রাম নয়, ছোট্ট একটি আর্জেন্টিনা। শুধু তাই নয়, নিজের উপার্জনের একমাত্র বাহন ভ্যানগাড়িটিও সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। পরণে থাকে আর্জেন্টিনার জার্সি, এমনকি জার্সির সঙ্গে মিলিয়ে কিনেছেন বিশেষ রঙের লুঙ্গিও।
স্থানীয়রা জানান, বহু বছর ধরেই বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা দল নিয়ে এমন উন্মাদনায় মেতে ওঠেন সুমন। এবারও তার ব্যতিক্রম হয়নি। পছন্দের দলকে সমর্থন জানাতে এলাকায় বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছেন তিনি।
তবে এই আয়োজনের পেছনের গল্প আরও বিস্ময়কর। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে স্ত্রী আরতি রাণী ও ছোট ভাইয়ের স্ত্রী পূর্ণিমার নামে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন সুমন। সেই অর্থ ব্যয় করছেন পতাকা, ব্যানার, রং ও বিভিন্ন সাজসজ্জার কাজে। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের জন্য বিরিয়ানি রান্না করে আপ্যায়নের পরিকল্পনাও রয়েছে তার।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.