
সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে পিকআপভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট–কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক শামীম মুন্সী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে কবিরাজপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল ইজিবাইকটি। পথিমধ্যে তাঁতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.