
এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাগলপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রবিবার রাতে হালুয়াঘাট পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী জহুরুল ইসলাম বাবুর আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পৌরসভার নানা সমস্যা ও তা থেকে উত্তরণের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মেয়র প্রার্থী জহুরুল ইসলাম বাবু।
সভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে জহুরুল ইসলাম বাবু বলেন, "২০১৪ সালে হালুয়াঘাট পৌরসভা সরকারিভাবে গঠিত হয়। শুরুর প্রথম চার বছর এটি সরকারি প্রশাসকের মাধ্যমে পরিচালিত হলেও, পরবর্তীতে ২০১৮ সালে প্রথমবারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের আশায় প্রথম পৌর মেয়র নির্বাচিত করেছিলেন। কিন্তু বিগত বছরগুলোতে আপনাদের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কতটুকু অর্জিত হয়েছে, তা আজ আর কারও অজানা নয়।"
পৌরসভার ৬ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার বেহাল দশার কথা উল্লেখ করে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেন। বর্ষাকালে জনগণের ভোগান্তির চিত্র তুলে ধরে বাবু বলেন, "এই বর্ষার মৌসুমে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা নিজের চোখে দেখার জন্য আমি বাড়ি বাড়ি যাচ্ছি। হালুয়াঘাট পৌরবাসীর সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং চলাচলের অনুপযোগী রাস্তাঘাট। কাদা-পানি মাড়িয়ে চলাই এখন এখানকার মানুষের ভাগ্য হয়ে দাঁড়িয়েছে।"
তিনি আরও বলেন,"অনেকেই এই কাদা-পানির ভয়ে বর্ষাকালে রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড নিয়ে জনগণের দ্বারে আসেন না। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, পৌরবাসীর এই চরম দুর্ভোগকে আমি নিজে মাঠে থেকে পর্যবেক্ষণ করব। জনগণের সমস্যাগুলো যেন আমার নখদর্পণে থাকে, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।"
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে জহুরুল ইসলাম বাবু বলেন, "মহান আল্লাহ তায়ালা যদি আমাকে হায়াত দান করেন এবং আগামী নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটে আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তবে আমি কোনো জোড়াতালির উন্নয়ন করব না। সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যানের মাধ্যমে এই হালুয়াঘাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জলাবদ্ধতামুক্ত উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলব।"
উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় পাগলপাড়া ৬ নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভায় আগত সর্বস্তরের জনগণ মেয়র প্রার্থী জহুরুল ইসলাম বাবুর এই দূরদর্শী বক্তব্য ও প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান এবং আগামী নির্বাচনে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.