
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ গরুর হাটের আধুনিকায়ন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলা হাট-বাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে বাস্তবায়নাধীন মীরগঞ্জ গরুর হাট (এইচবিবি) করণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকৌশলী তারিকুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী সোহাগ চৌধুরী, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। গরু ব্যবসায়ী শফিকুর রহমান, বলেন দীর্ঘদিন ধরে মীরগঞ্জ গরুর হাটটি অবকাঠামোগত দুর্বলতার কারণে পশু কেনাবেচার জন্য অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে হাট প্রাঙ্গণে পানি জমে কাদায় পরিণত হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। ফলে হাটটির সংস্কারের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। জনদুর্ভোগ নিরসন এবং হাটের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে উপজেলা হাট-বাজার উন্নয়ন তহবিলের আওতায় হাটটির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করবে এস এম এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী সাকির রহমান।উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, হাট-বাজারের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে মীরগঞ্জ গরুর হাটে ক্রেতা-বিক্রেতারা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে লেনদেন করতে পারবেন এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে। স্থানীয় বাসিন্দা ডাঃ ফিরোজ জানান হাট সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মত ভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং মীরগঞ্জ গরুর হাট একটি আধুনিক ও কার্যকর পশুহাটে পরিণত হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.