
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামী হত্যা মামলার আসামিদের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধনের বিরুদ্ধে এবং নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় বিধবা নারী। গতকাল (মঙ্গলবার) উপজেলার পশ্চিম লক্ষীকুড়া গ্রামের বাসিন্দা মোছাঃ জরিনা আক্তার (৩৮) এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে মৃত ইসরাফিলের স্ত্রী জরিনা আক্তার জানান, গত ২০ জানুয়ারি সোমবার সকালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মোঃ নেকবর আলী মেম্বার ও তার অনুসারী একদল সন্ত্রাসী তার স্বামীকে নির্মমভাবে হত্যা করে। উক্ত ঘটনায় তার দায়ের করা হত্যা মামলায় নেকবর আলী মেম্বারসহ অন্যান্যদের আসামি করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, "আসামি নেকবর আলী মেম্বার জেল হাজত থেকে জামিনে বের হয়ে আসার পর থেকেই মামলা প্রত্যাহারের জন্য আমাকে অনবরত চাপ সৃষ্টি করে আসছিল। আমি তাতে রাজি না হওয়ায় সে কৌশলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, যাতে মামলাটি নিষ্পত্তি করা যায়। সেই প্রস্তাবেও রাজি না হওয়ায় বর্তমানে সে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দিয়ে আসছে।"
জরিনা আক্তার আরও জানান, মামলা প্রত্যাহার ও বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে নেকবর আলী মেম্বার ও তার লোকজন গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জরিনা আক্তার তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন। একই সাথে আসামিদের অব্যাহত হুমকি ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে সঠিক বিচার পাওয়ার আকুতি জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.