
শাহেদ আহমেদ, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন আব্দুর রহিম। সম্প্রতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আব্দুর রহিম জানান, উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামের মৃত আব্বাছ মোড়লের ছেলে আব্দুল মজিদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দীর্ঘদিনের বসতভিটায় হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, গাছপালা কেটে ফেলে এবং পুকুরের মাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান।
এ ঘটনায় আব্দুর রহিম সাতক্ষীরার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে আব্দুল মজিদসহ সাতজনকে আসামি করে ০২/২৬ নম্বর মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আব্দুল মজিদ আদালতের রায়ের মাধ্যমে এসএ ১৩ নম্বর দাগের ১৩ শতাংশ জমির মধ্যে ২ শতক জমির অধিকার লাভ করেন। তবে অভিযোগ রয়েছে, তিনি এসএ ১২ নম্বর দাগভুক্ত আব্দুর রহিমের পৈতৃক বসতভিটায় হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেন এবং পুকুরের মাছ লুট করেন।
আব্দুর রহিম আরও অভিযোগ করেন, অভিযুক্তরা প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.