
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন ২০২৬) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২০ জুন শনিবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।
আটক বোটে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১. নাজির হোসেন (৪৫), পিতা: মকবুল আহমদ, মহেশখালী, কক্সবাজার।
২. নবির উদ্দিন (৪৯), পিতা: মৃত বেলাতে হোসেন, হাতিয়া, নোয়াখালী।
৩. রবিউল আলম (৩৫), পিতা: মৃত মো. আবুল হোসেন, মহেশখালী, কক্সবাজার।
৪. ইদরিস (৩৬), পিতা: মৃত আব্দুল রহমত, টেকনাফ, কক্সবাজার।
৫. সামসুল আলম (২৮), পিতা: নুর মোহাম্মদ, টেকনাফ, কক্সবাজার।
৬. আব্দুল আজিজ (২৭), পিতা: মৃত ফরিদ আহমেদ, মহেশখালী, কক্সবাজার।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত কারেন্ট জাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া চোরাচালান প্রতিরোধ ও দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.